মাহফুজ আনামের বিচার দাবি কয়েকজন সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেছেন। জনপ্রিয় এই ইংরেজি দৈনিক পত্রিকাটি বন্ধ করে দেওয়ারও দাবি করেন তাঁরা। আজ রোববার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় এই দাবি জানানো হয়।

সরকারি দলের সাংসদ ফজলে নূর তাপস বলেন, ‘কয়েক দিন আগে ডেইলি স্টার সম্পাদক অকপটে স্বীকার করেছেন, ওয়ান-ইলেভেনের সময় জননেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে অপসারণ এবং তাঁকে আটক করার যে নীলনকশা ও ষড়যন্ত্র হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে যে অবৈধ ও মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই প্রেক্ষাপট তৈরির জন্য মাহফুজ আনাম তাঁর পত্রিকা ডেইলি স্টারে তৎকালীন ডিজিএফআইয়ের পাঠানো মিথ্যা, বানোয়াট ও সাজানো দুর্নীতির গল্প যাচাই না করেই ছাপিয়েছেন।’ তিনি বলেন, ‘এই মিথ্যা প্রচারণা ও সাজানো গল্প ছাপানোর জন্য সংসদে মাহফুজ আনামের পদত্যাগ দাবি করছি। এই পত্রিকাটি অনতিবিলম্বে বন্ধের দাবি করছি। তাঁর এই কার্যক্রম সুনির্দিষ্টভাবে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এ জন্য রাষ্ট্রদ্রোহ মামলা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’

সরকারদলীয় আরেক সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল বলেন, ‘মাহফুজ আনাম ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এ কাজগুলো করে যাচ্ছেন। এঁরা যাতে কোনো অবস্থায় সাংবাদিকতায় থাকতে না পারেন, তার জন্য জাতির সামনে এঁদের মুখোশ উন্মোচন করতে হবে।’

স্বতন্ত্র সাংসদ ও আওয়ামী লীগের নেতা হাজি সেলিম বলেন, ‘দেশের মূলধারার অনেক সম্পাদক-মালিক স্রোতের বিপরীতে গা ভাসিয়ে দেন। তাঁরা মনে করেছিলেন, ওয়ান ইলেভেন এসেছে, এটা কমপক্ষে ১০ বছর চলবে। এ জন্য কোনো কোনো পত্রিকার মালিক-সম্পাদক ডিজিএফআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী প্রতিদিন খবর ছাপতেন। ডেইলি স্টারের মাহফুজ আনাম তাঁদেরই একজন। যাঁরা ওয়ান-ইলেভেনে সহযোগিতা করেছিলেন তাঁদের বিচারের আওতায় আনা দরকার।

নূর জাহান বেগম বলেন, ‘যত বড় শক্তিশালী সাংবাদিক হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি করছি।’

মাহফুজ আনামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিচারের দাবি করে আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘সম্পাদক-মালিক একই সূত্রে গাঁথা। এক-এগারোতে এরা চেয়েছিল বাংলাদেশ যাতে সফল হতে না পারে। গণমাধ্যমের মালিক হওয়ার সুবাদে রাজনীতিকদের চরিত্র হনন করে যাবেন, তা হবে না।’

শামসুল হক বলেন, ‘গণমাধ্যমের কাজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। কিন্তু এক-এগারোতে দেখলাম উল্টো। তারা শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিতাড়িত করতে চেয়েছিল। সেদিন মাহফুজ আনামদের ষড়যন্ত্র বাস্তবায়িত হলে বাংলাদেশের আজকের উন্নয়ন হতো না। তিনি অকপটে ভুল স্বীকার করেছেন। তিনি যত বড় শক্তিশালী সাংবাদিকই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’

জাসদের মঈন উদ্দিন খান বাদল বলেন, ‘মিথ্যার বেসাতি দিয়ে সাজানো খবরের ডালা ব্যক্তি ও জাতির ক্ষতি করলে কী হবে। গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। তিনি বিচার হওয়ার আগেই রায় পড়ে ফেলেছেন। তাই তাঁর পদত্যাগ করা উচিত। থুক্কু বলে পার পাওয়া যাবে না।’

তাহজীব আলম সিদ্দিকী বলেন, ‘মাহফুজ আনামকে নিয়ে আমি কথা বলব না। কারণ, সেদিন ভয়ে অনেকে বিবেককে জলাঞ্জলি দিয়েছিলেন। আজকে এই সংসদে সদর্পে বসে আছেন যাঁরা, সেদিন যাঁরা বাধ্য হয়ে বিবেককে জলাঞ্জলি দিয়ে সত্যের অপলাপ করেছিলেন।’ তাঁর বক্তব্যের এ পর্যায়ে স্পিকার বলেন, ‘আপনি কোন বিষয়ে কথা বলবেন?’ তাহজীব আলম তখন প্রসঙ্গ পরিবর্তন করেন।