মাহফুজ আনামের বিরুদ্ধে ছাত্রলীগের আরও দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ ও কক্সবাজারে মানহানির দুটি মামলা করেছেন ছাত্রলীগের দুই নেতা।

এর আগে লক্ষ্মীপুর ও খুলনায় একই অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে দুটি মামলা করেন ছাত্রলীগের দুই নেতা। আজকের দুটি মামলাসহ তাঁর বিরুদ্ধে মানহানির মোট চারটি মামলা হলো।

গোপালগঞ্জ: বেলা ১১টার দিকে গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম নুসরাত জাবীন নিম্মীর আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাইবাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে ‘ডেইলি স্টার’। যে কারণে শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী। ওই সংবাদের কারণে শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ ও বাদীর নিজের ১০ কোটি টাকার মানহানি হওয়ায় তিনি মামলাটি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী শওকত আলী সিকদার বলেন, আদালত শুনানি শেষ মামলাটি তদন্ত করার জন্য গোপালগঞ্জ সদর থানার ওসিকে নির্দেশ দেন। সদর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘আদালতের নির্দেশনা আমরা এখনো পাইনি। আদালতের নির্দেশনা পাওয়ার পর তদন্ত করে এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কক্সবাজার: বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অরুণ পালের আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ। বিচারক মামলাটি তদন্তের জন্য কক্সবাজার সদর মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ইশতিয়াক আহমদ প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাইবাছাই না করে ‘ডেইলি স্টার’ পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। তাই তিনি মানহানির মামলাটি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম বলেন, মামলাটি আমলে নিয়ে বিচারক ঘটনা তদন্ত করে সদর মডেল থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ‘মামলার খবর পেয়েছি। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কপি হাতে আসেনি।’

(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও ফরিদপুর অফিস)

আরও পড়ুন: