মাহফুজ আনামের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দুটি মানহানির মামলা হয়েছে। আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান এই মামলা দুটি করেন।

লক্ষ্মীপুর: আজ দুপুর ১২টার দিকে চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বাদী হয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন। তাঁর আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, বিচারক ফারজানা আক্তার মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ ছাড়া বিচারক ২০০৭ সালে ‘ডেইলি স্টার’ পত্রিকায় যেসব খবর বের হয়েছে, বাদীকে ওই সব সংবাদের কপি সরবরাহ করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ‘এক-এগারো পরবর্তী দিনগুলোতে বিবাদী ডিজিএফআইয়ের তথ্য যাচাই না করে আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন। এ কারণে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়েছে।’

খুলনা: আজ খুলনার মুখ্য মহানগর হাকিম আমলি আদালত ‘ক’ অঞ্চলে মাহফুজ আনামের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেন মুশফিকুর রহমান। বাদীর আইনজীবী মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, মামলাটি আমলে নিয়ে বিচারক ফারুক ইকবাল আগামী ৩ মার্চ মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেছেন। আর ১ মার্চ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ ব্যাপারে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মামলার অভিযোগে বাদী বলেছেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহকৃত দুর্নীতির মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে ‘ডেইলি স্টার’। ইতিমধ্যে মাহফুজ আনাম তা স্বীকারও করেছেন, যা একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই সময় ‘ডেইলি স্টার’-এ এসব সংবাদ প্রকাশিত হওয়ায় নানাবিধ জল্পনা-কল্পনার সৃষ্টিসহ শীর্ষ রাজনীতিবিদের প্রতি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই মিথ্যা প্রতিবেদনের কারণে শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এতে বাদী ও তাঁর সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কোটি টাকার মানহানি হয়েছে। তাই মামলাটি করা হয়েছে।