মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে মামলা করার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় সংবাদপত্র পাঠক ফোরামের ব্যানারে মানববন্ধন হয়। ছবি: প্রথম আলো
মাহফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে মামলা করার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় সংবাদপত্র পাঠক ফোরামের ব্যানারে মানববন্ধন হয়। ছবি: প্রথম আলো

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশব্যাপী একের পর এক মামলা করার ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওবাসী। তারা বলছে, মাহফুজ আনামকে হয়রানি করতে তাঁর বিরুদ্ধে এভাবে মামলা করা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তায় সংবাদপত্র পাঠক ফোরামের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানানো হয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। এতে জেলার সংবাদকর্মী, শিক্ষক, পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা জেএসডি সভাপতি মনসুর আলী, জেলা বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, শিক্ষক আতাউর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মাহফুজ আনামের বিরুদ্ধে করা মামলাগুলোর প্রকৃতি দেখলে বুঝতে বাকি থাকে না যে, তাঁকে হয়রানি করার জন্যই সারা দেশে এসব মামলা করা হচ্ছে। অনেক জেলায় করা মামলার আরজি হুবহু একই। এ থেকেই বিষয়টির প্রমাণ মেলে।

বক্তারা বলেন, গণতন্ত্র ও মুক্তমতকে বাঁচাতে হলে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে প্রায় এক সপ্তাহে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৩৫টির বেশি মামলা হয়েছে।

মামলাগুলোর বাদী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা ও সরকারি কৌঁসুলিরা। এসব মামলায় মানহানি, রাষ্ট্রদ্রোহ ও মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এক দিন পর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ডেইলি স্টার বন্ধ করা এবং মাহফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকেই মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।