মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলার প্রতিবাদে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার বিকেলে পাঁচটার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম, দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার সম্পাদক শফিকুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, কুমিল্লা জেলা টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা জেলা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী, যুগান্তরের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, আলোকচিত্রী কাজী শামীম, ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আবুল বাশার, এশিয়ান টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, সকালের খবরের জেলা প্রতিনিধি মামশাদ কবীর, কালের কন্ঠের আলোকচিত্রী হুমায়ুন কবির, সাপ্তাহিক বিবর্তন পত্রিকার সম্পাদক দিলীপ মজুমদার ও সহযোগী সম্পাদক নাজমুল বারী চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে কর্মসূচিতে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘দেশে কি কথা বলার অধিকার হারিয়ে যাবে। এভাবে গণ মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ ও হয়রানি করা যাবে না। অবিলম্বে কুমিল্লার আদালতে দায়ের করা পাঁচটি মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার করার জন্য তাঁদের শুভবুদ্ধির উদয় হোক।’