মাহফুজ আনামের বিরুদ্ধে মামলায় বিশ্বজুড়ে আওয়াজ উঠেছে: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের নামে হয়রানিমূলক মামলার বিরুদ্ধে সারা পৃথিবীতে আওয়াজ উঠেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় স্বাধীন সংবাদপত্রের পক্ষে। সংবিধানেও বাক স্বাধীনতার কথা লেখা আছে। 

আজ শনিবার রাজধানীর পল্টনে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, ১৬ কোটি মানুষের মধ্যে জাতীয় ঐক্য গড়তে মাঠে নেমেছি। এই দেশ সকলের, কোনো ব্যক্তি গোষ্ঠী বা পরিবারের নয়। তিনি বলেন, দলীয়করণ একটি অভিশাপ। নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সভ্য সমাজে চলতে পারে না। এসব থেকে মুক্ত হতে জাতীয় ঐক্য অবশ্যই হবে। তিনি বলেন, ‘আমরা কিছু পাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার হওয়ার জন্য রাজনীতি করি না। এটা আমাদের বঙ্গবন্ধু শিখিয়েছেন।’
কামাল হোসেন বলেন, ‘৭০’র নির্বাচনে বঙ্গবন্ধুর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম। ঢাকার পাঁচটি আসনের দায়িত্ব ছিল আমার ওপর। আমার সেক্রেটারি হিসেবে তখন কাজ করেছেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। পাঁচটি আসনে পাঁচ লাখ টাকা খরচ করেছি। কিন্তু কোনো ছাত্র টাকা নেয়নি। তারা বড় জোর চা-বিস্কুট খেয়েছে। আর এখনকার ছাত্র নেতারা টাকার মালিক হয়। এটা শুনে লজ্জা হয়।’ তিনি বলেন, ৭৩’ এর নির্বাচনে বঙ্গবন্ধু আমাকে ২০ হাজার টাকা দিয়েছিলেন। নির্বাচনের পর খরচ থেকে বেঁচে যাওয়া ১৩ হাজার টাকা ওনাকে ফেরত দিয়েছি।
অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, ‘১৪ ফেব্রুয়ারি জাফর, জয়নালের রক্তের বিনিময়ে ’৯০ সালে গণতন্ত্র ফিরে আসে। অথচ সংবাদপত্রে এ ব্যাপারে কোনো সংবাদ দেখলাম না। কোনো সংগঠনের কর্মসূচিও ছিল না। অথচ ওই দিন বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়েছে। অনেক সংগঠন কর্মসূচি নিয়েছে, সংবাদপত্র সংবাদ ছেপেছে। বিশ্ব ভালোবাসার নামে ইতিহাস মুছে দেওয়া হচ্ছে। অথচ তাঁদের রক্তের বিনিময়ে গত ২৬ বছর ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়া দেশ শাসন করছেন।’
সানজিদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আরও বক্তব্য দেন সুব্রত চৌধুরী, জগলুল হায়দার, পৃথি শর্মা, নাজমূল হাসান প্রমুখ।