মাহফুজ তৃতীয় দফায় রিমান্ডে নাসির কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার মাহফুজ হোসেন ওরফে সবুজকে তৃতীয় দফায় রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার বিকেলে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এই রিমান্ড মঞ্জুর করেন।এদিকে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাসির হোসেনকে রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠিয়েছেন একই আদালত।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, লোকমান হোসেন হত্যায় জড়িত থাকার অভিযোগে গত ২০ নভেম্বর মাহফুজ হোসেনকে মাধবদীর মনোহরপুর এলাকা থেকে ও নাসির হোসেনকে ঘোড়াদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে নরসিংদীর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ নভেম্বর আদালতে হাজির করে মাহফুজকে প্রথম দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফায় তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এই দফার রিমান্ড শেষে গতকাল মাহফুজকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।নরসিংদী পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রিমান্ডে যেসব তথ্য পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করেছি। তদন্তে যাদের নাম এসেছে, আমরা তাদের গ্রেপ্তার করেছি। যারা গ্রেপ্তার হয়নি, তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’১ নভেম্বর রাত আটটার দিকে মুখোশধারী সন্ত্রাসীরা নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে।