মাহফুজাকে যশোরে ফুলেল শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী মাহফুজা আক্তারকে গতকাল যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান‍ l ছবি: প্রথম আলো
সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী মাহফুজা আক্তারকে গতকাল যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান‍ l ছবি: প্রথম আলো

সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী মাহফুজা আক্তার শিলাকে যশোরে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিজ জেলা যশোরে তাঁকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান।
ঢাকা থেকে একটি যাত্রীবাহী পরিবহনে করে মাহফুজা গতকাল বেলা সোয়া একটার দিকে যশোরের উপশহর এলাকার খাজুরা বাসস্ট্যান্ডে নামলে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ যশোরবাসী তাঁকে শুভেচ্ছা জানান। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন মাহফুজার বাবা অভয়নগরের বাসিন্দা আলী আহম্মদ গাজী ও মা করিমন নেছা। দেশের জন্য গর্ব বয়ে আনা মেয়েকে জড়িয়ে ধরে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উৎসুক লোকজন তাঁকে দেখার জন্য ভিড় করে। মাহফুজা হাত নেড়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সার্কিট হাউসে আবেগাপ্লুত মাহফুজা আক্তার বলেন, ‘যশোরবাসী আমাকে এত ভালোবাসে, বাস থেকে নেমে এত সারপ্রাইজ পাব, আমি ভাবতে পারিনি।’
এ সময় জেলা প্রশাসক হুমায়ুন কবীর বলেন, ‘মাহফুজা এখন আর শুধু যশোরের না, গোটা দেশের মেয়ে। তাঁকে দেখে যেন সারা বাংলার মেয়েরা উৎসাহিত হয়। মাহফুজা যে বাড়িতে থাকেন, সেটা নতুন করে তৈরি করে দেওয়া হবে। ইতিমধ্যে তাঁদের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। তাঁর ছোট যে বোনটা পঞ্চম শ্রেণিতে পড়ে, তার লেখাপড়ার দায়িত্ব আমরা নিচ্ছি।’
ভারতের আসামের গুয়াহাটিতে সম্প্রতি অনুষ্ঠিত এসএ গেমসে মেয়েদের ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জেতেন মাহফুজা।