মাহফুজুর রহমানকে ক্ষমা না চেয়ে তদন্তে সহযোগিতার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বারবার ক্ষমা না চেয়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিষয়ে সংগ্রহে থাকা ভিডিও ফুটেজ দিয়ে তদন্ত সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। নেতারা ঈদের আগেই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। নইলে ঈদের পর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়।সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনও কর্মসূচিতে অংশ নেয়।সভাপতির বক্তৃতায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘ধৈর্যেরও একটা সীমারেখা আছে। পুলিশ ঈদের আগেই যদি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে ঈদের পর বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।’বিএফইউজের আরেক অংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, ‘ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের আহ্বান না শুনে যাঁরা এটিএন বাংলা ও এটিএন নিউজের অনুষ্ঠানে অংশ নেবেন, তাঁদেরও অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’ বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ সাংবাদিক হত্যার বিচার দাবি করে বলেন, ‘আর কোনো স্মারকলিপি আমরা দিতে চাই না। স্মারকলিপি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। ঈদের আগেই সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার করতে হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহিদ, ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ডিইউজের একাংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ক্র্যাবের সাধারণ সম্পাদক ইশারফ হোসেন প্রমুখ।