মাহফুজুর রহমানের বিরুদ্ধে আরও দুটি মামলা
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। গোপালগঞ্জ ও পিরোজপুরে গতকাল রোববার মানহানির অভিযোগে মামলা দুটি করেছেন একজন আইনজীবী ও ছাত্রলীগের সাবেক একজন নেতা।গোপালগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আবু সাইদের আদালতে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলাটি করেন আইনজীবী রবিউল আলম। এ মামলার আরজিতে বলা হয়, সম্প্রতি লন্ডনে মাহফুজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাচাল বলায় প্রধানমন্ত্রীসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের জনগণের পক্ষে রবিউল আলম এ মামলা করেছেন। রবিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে মাহফুজুর রহমান যে কটূক্তি করেছেন তাতে গোপালগঞ্জসহ দেশের সব মানুষের মানহানি ঘটেছে। তাই সুষ্ঠু বিচার পেতে আদালতে এ মামলা করেছি।’ পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে করা মামলার বাদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব। ফয়সাল মাহাবুব প্রথম আলোকে বলেন, মাহফুজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করেছেন। এ ছাড়া মাহফুজুর রহমান সাগর-রুনি হত্যা মামলা ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা করছেন। এ কারণে তিনি (ফয়সাল) ক্ষুব্ধ হয়ে মামলাটি করেছেন। বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান, আদালতের হাকিম চৌধুরী মাহাবুবুর রহমান বিষয়টি তদন্তের জন্য পিরোজপুরের সহকারী পুলিশ সুপারকে (সদর সার্কেল) নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির ঘটনায় এর আগে ঢাকা, কুমিল্লা, নড়াইল, সিলেট ও কক্সবাজারে মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়।