মাহফুজুর রহমানের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। মানহানির অভিযোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুলতানুল আজম খান বাদী হয়ে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। মাহফুজুর রহমানকে আগামী ২৮ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই অভিযোগে এর আগে মাহফুজুর রহমানের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মামলা হয়। মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আরজিতে উল্লেখ করেন, মাহফুজুর রহমান গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাচাল’ আখ্যায়িত করে বক্তব্য দেন। গত ২৫ জুন বিভিন্ন টিভি চ্যানেলে তা প্রচারিত হয় এবং জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ। তা ছাড়া তিনি বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি ক্ষণ্ন করেছেন।বাদীর আইনজীবী এ কে এম নূরুল হুদা বলেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এম এ সাঈদ মামলাটি আমলে নিয়ে মাহফুজুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন। ২৮ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির হতে হবে।