মাহফুজুর রহমানের বিরুদ্ধে তিন জেলায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে সিলেট, নড়াইল ও দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে।‘সিলেট জনস্বার্থ সংরক্ষণ কমিটি’র সভাপতি আখলাক আহমদ চৌধুরী বাদী হয়ে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। নড়াইল আমলি আদালতে মামলা করেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান। আদালত মাহফুজুরকে ৫ সেপ্টেম্বর হাজির হওয়ার সমন জারি করেছেন। দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। আদালত ১৭ জুলাই তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধির পাঠানো খবর:সিলেটে করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এটিএনের চেয়ারম্যান মাহফুজুর রহমান গত ৩০ মে লন্ডনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেটবাসী সম্পর্কে কটূক্তি করেন। মাফজুফুরের কটূক্তিতে সিলেটবাসী অপমানিত হয়েছে। একুশে টেলিভিশনে সম্প্রচারিত মাহফুজুরের বক্তব্যের বরাত দিয়ে মামলার বাদী আখলাক তাঁকে গ্রেপ্তারের আবেদন জানান। বাদীপক্ষের আইনজীবী বন্ধুগোপাল দাশ প্রথম আলোকে জানান, মুখ্য বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।বাদী আখলাক জানান, প্রধানমন্ত্রী, সাগর-রুনি ও সিলেটবাসীকে নিয়ে মাহফুজুরের কটূক্তি রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এ মামলা করেছেন।মামলা দায়েরের পর জনস্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যরা দুপুরে বিক্ষোভ মিছিল করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, সিলেটবাসীকে নিয়ে কটূক্তি করার ঘটনায় মাহফুজুরকে আগামী রোববারের মধ্যে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে হবে, তা না হলে রোববারই সংগঠনটির পক্ষ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।এদিকে নড়াইলের মুখ্য বিচারিক হাকিম মো. সালেহুজ্জামান আগামী ৫ সেপ্টেম্বর মাহফুজুরকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এজাহারে বলা হয়, মাহফুজুর লন্ডন সফরকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাচাল বলে মন্তব্য করেন, যা ২৬ জুন সময় টেলিভিশনের রাত নয়টার খবরে সম্প্রচার করা হয়। এ ছাড়া ২৭ জুন একাধিক জাতীয় দৈনিকেও এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকার ও আওয়ামী লীগের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তির অভিযোগে গতকাল দুপুরে দিনাজপুর আদালতে মাহফুজুরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, মুখ্য বিচারিক হাকিম মো. নাজির আহমেদ আগামী ১৭ জুলাই মাহফুজুরকে সশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তির মাধ্যমে মাহফুজুর এ দেশের ১৬ কোটি মানুষকে অপমান করেছেন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।