মাহবুব উল আলম চৌধুরীর ৮৯তম জন্মদিন আজ
পঞ্চাশ দশকের পূর্ব বাংলার অন্যতম প্রতিনিধিত্বশীল সাহিত্যিক এবং অমর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’র রচয়িতা কবি মাহবুব উল আলম চৌধুরীর ৮৯তম জন্মদিন আজ ৭ নভেম্বর। তিনি ১৯২৭ সালের এই দিনে চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরায় জন্মগ্রহণ করেন।
মাহবুব উল আলম চৌধুরী ১৯৫২ সালে চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। ঢাকায় ছাত্র মিছিলে গুলির ঘটনার পর ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায়ই তিনি লেখেন, সাড়া জাগানো কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’।
মাহবুব উল আলম কিশোর বয়স থেকেই সাহিত্য সৃষ্টিতে মনোনিবেশ করেন। ব্রিটিশ ও পশ্চিম পাকিস্তানি শোষণের বিরোধিতা এবং সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ ছিল তাঁর লেখার অন্যতম উপজীব্য। মাহবুব উল আলম চৌধুরী চট্টগ্রামের প্রান্তিক নবনাট্য সংঘের প্রাণপ্রতিষ্ঠাতা। তিনি বিভিন্ন আঙ্গিক ও বিষয়ে বহু কবিতা, গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। ১৯৮৬ সালে বাংলা একাডেমি তাঁকে ফেলোশিপ প্রদান করে। ২০০৯ সালে সরকার তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ২০০৭ সালের ২৩ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। বিজ্ঞপ্তি।