মাহবুব উল্লাহর ওপর হামলাকারীদের শাস্তি দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল রোববার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব এ দাবি জানান। তিনি ওই ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গত শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান থেকে বেরোনোর পর মাহবুব উল্লাহর ওপর হামলা করে অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা।
গতকাল সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন অভিযোগে করেন, ‘ওই ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আশা করেছিলাম, পুলিশ ঘটনাস্থলে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে। কিন্তু তারা আসেনি। এ আক্রমণের পেছনে একটি বিশেষ মহলের ইঙ্গিত না থাকলে দুর্বৃত্তদের পক্ষে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব না।’ তিনি মনে করেন, মাহবুব উল্লাহ একজন বুদ্ধিজীবী। বিভিন্ন টেলিভিশনের টক শোতে তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেন। তারই প্রতিশোধ নেওয়ার জন্য সন্ত্রাসী লাগিয়ে তাঁর ওপর হামলা করা হয়েছে।
আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহসম্পাদক নাসরিন আকতার, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।