মাহবুব-খোকন আবার জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মাহবুব হোসেন ,  এ এম মাহবুব উদ্দিন খোকন
খন্দকার মাহবুব হোসেন , এ এম মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি আসনের মধ্যে সভাপতি-সম্পাদকসহ নয়টি আসনে জয়ী হয়েছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দল সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। পুনরায় আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। আর সমিতির সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। খবর বাসসের।

২০১৫-১৬ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন গতকাল সোমবার বিকেল পাঁচটায় শেষ হয়। রাতব্যাপী ভোট গণনা শেষে আজ মঙ্গলবার সকালে ফল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট বার নির্বাচন-সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হারুনুর রশীদ এ ফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নীল প্যানেল সভাপতি, একটি সহ-সভাপতি, সম্পাদক, ট্রেজারার, একটি সহসম্পাদক, চারটি সদস্য পদসহ মোট নয়টি পদে বিজয়ী হয়েছে।

অপরদিকে আওয়ামী লীগ ও তাদের সমমনা রাজনৈতিক দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল একটি সহসভাপতি, একটি সহসম্পাদক, তিনটি সদস্য পদসহ মোট পাঁচটি পদে বিজয়ী হয়েছে।

আইনজীবী সমিতির সূত্র জানায়, গতকাল দ্বিতীয় দিনে আরও এক হাজার ৭২৭ জন ভোট দেন। গত রোববার প্রথম দিনে এক হাজার ৮০২ জন ভোট দিয়েছিলেন। দুই দিনে আইনজীবী সমিতির তিন হাজার ৫২৯ জন সদস্য ভোট দিয়েছেন। সমিতির মোট সদস্য চার হাজার ৩৬২ জন। সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান অডিটোরিয়ামে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ বছর আইনজীবী সমিতির ১৪টি পদে দুটি প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।