মাহবুব দম্পতি ঢাকা সিএমএইচে ভর্তি
সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রীকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেলে হেলিকপ্টারে করে তাঁদের দিনাজপুর থেকে ঢাকায় আনা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, ভাড়া করা একটি হেলিকপ্টারে মাহবুব দম্পতিকে ঢাকায় আনা হয়েছে। আজ বিকেল সাড়ে তিনটার দিকে তাঁরা ঢাকায় পৌঁছান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন। পরে তাঁদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে মাহবুবুর রহমানের শ্বশুরবাড়ি থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের দশমাইল মোড়ে মাহবুব দম্পতিকে বহনকারী গাড়ির সঙ্গে একটি নছিমনের সংঘর্ষ হয়। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান।