নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের প্রথম বর্ষের ছাত্র মাহবুবুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল রোববার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রেজিস্ট্রার মমিনুল হক, ট্রেজারার মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রীরা অংশ নেন। তাঁরা মাহবুব হত্যার বিচারের দাবিসংবলিত বিভিন্ন পোস্টার বহন করেন। এরপর বিকেলে মাহবুবের আত্মার শান্তি কামনা করে কেন্দ্রীয় গ্রন্থাগারে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও ছাত্রছাত্রীরা বক্তব্য দেন। ২০০৭ সালের ৮ আগস্ট সন্ধ্যায় পরিবহনশ্রমিকদের হামলায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র মাহবুবুর রহমান নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে সুধারাম থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ তদন্ত শেষে ১৩ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। আইন উপদেষ্টা হাবিবুর রসুল মামুন প্রথম আলোকে জানান, বর্তমানে মামলাটি বিচারের জন্য ১ নম্বর আমলি আদালত থেকে জেলা জজ আদালতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।