বগুড়ায় স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যা মামলায় শহরের ব্যবসায়ী মাহবুব হামিদকে আসামি করায় ওই মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। মাহবুব হামিদ মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, মাটিডালি ক্রীড়া চক্র ও জেলা খেলাঘর আসরের সভাপতিও।
শহরের দক্ষিণ কাটনারপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল সকালে বড়গোলা-নামাজগড় সড়কের দক্ষিণ কাটনারপাড়া টিনপট্টিতে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে মাহবুব হামিদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘সাজানো ও ষড়যন্ত্রমূলক’ আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
দক্ষিণ কাটনারপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন মাটিডালি ক্রীড়া চক্রের মো. শাহাজাদা, ছাত্র ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক শাওন পাল, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও বিএফইউজের সভাপতি আমজাদ হোসেন, কবি মাহমুদ হোসেন, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বগুড়া জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ব্যবসায়ী আজিম উদ্দিন, আবদুস সালাম, এম আর রতন, আনোয়ার হোসেন, হাবিবুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, মাশুক হত্যার ঘটনা নিয়ে ঘৃণ্য রাজনীতির খেলা চলছে। মাহবুব হামিদ শহরের একজন ব্যবসায়ী, ক্রীড়া ও শিশু সংগঠক। মাশুক হত্যার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। মাশুক হত্যা মামলায় আদালতে ইতিমধ্যেই দিদারুল ইসলাম নামের এক আসামি স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তিতে মাহবুব হামিদ ও তাঁর পরিবারের সংশ্লিষ্টতার কথা আসেনি। এরপরও বাদী সরকারের একজন মন্ত্রী ও জাসদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে এসে জনসভা করে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছেন।
জাসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইমদাদুল হকের ছেলে ও শহরের এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাশুক ফেরদৌসকে ১৩ মে সন্ধ্যায় বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ইমদাদুল বাদী হয়ে মামলা করেন।