মাহবুব হোসেনের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কৃষি গবেষণার অন্যতম পথিকৃৎ ও অর্থনীতিবিদ মাহবুব হোসেনের (৭১) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গুলশানের আজাদ মসজিদে জুমার নামাজ শেষে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ কিছুক্ষণের জন্য মসজিদ চত্বরে রাখা হয়।
গত রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে তিনটায় যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকে মারা যান মাহবুব হোসেন। গতকাল সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে তাঁর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
মাহবুব হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে আজাদ মসজিদে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান খলীকুজ্জমান আহমদ ও নির্বাহী পরিচালক আবদুল করিম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ সাজ্জাদ জহির, কৃষিসচিব শ্যামল কান্তি ঘোষ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি ডিরেক্টর মাইক রবসনসহ মাহবুব হোসেনের সহকর্মী ও আত্মীয়স্বজন।
মাহবুব হোসেন সর্বশেষ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ব্র্যাকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।