মাহবুব হোসেনের কাছে তরুণদের শেখার আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন স্মরণে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত নাগরিক শোকসভায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন আলোচকেরা l ছবি: প্রথম আলো
কৃষি অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন স্মরণে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত নাগরিক শোকসভায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন আলোচকেরা l ছবি: প্রথম আলো

বাংলাদেশের কৃষিক্ষেত্রে আজ যত সাফল্য, তার পেছনে অর্থনীতিবিদ মাহবুব হোসেনের বিরাট অবদান রয়েছে। তিনি আজ নেই। কিন্তু তাঁর কাজ রয়েছে। বিনয়ী পরিশ্রমী ও দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এই অর্থনীতিবিদের কাছ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
গতকাল মঙ্গলবার মাহবুব হোসেন স্মরণে নাগরিক কমিটির উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত শোকসভায় এসব কথা উঠে আসে।
সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে, বিশেষ করে কৃষি অর্থনীতি আর দারিদ্র্য বিমোচনে মাহবুব হোসেন যে কাজ করেছেন, সেটা কোনো দিন কেউ করতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদ কে চৌধূরী বলেন, নতুন প্রজন্মের তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
অনুষ্ঠানের সভাপতি নাগরিক কমিটির আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, মাহবুব হোসেন দেশের প্রথম সারির অর্থনীতিবিদ। কিন্তু কৃষি অর্থনীতিতে তাঁর ধারেকাছে কেউ নেই।
স্মরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল, ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা মোশতাক চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে মাহবুব হোসেন স্মরণে পুরস্কার প্রবর্তন, তাঁকে নিয়ে একটি স্মৃতিগ্রন্থ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চেয়ার প্রবর্তনসহ নানা প্রস্তাব করা হয়।