মাহবুবকে দুদকের জিজ্ঞাসাবাদ
তথ্যগত ভুলের কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করেছে বলে দাবি করেছেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান।
রাজধানীর সেগুনবাগিচায় গতকাল বুধবার দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর মাহবুবুর রহমান সাংবাদিকদের কাছে এ দাবি করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে করা মামলার তদন্তের অংশ হিসেবে গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে দুদকের করা মামলায় অনেক তথ্যবিভ্রাট রয়েছে। তথ্যগত ভুলে মামলাটি হয়েছে। মোট ২৬ একরের কিছু বেশি জমি রয়েছে আমার নামে। আমার অবৈধ কোনো সম্পদ নেই।’ ভুল তথ্যের ভিত্তিতে মামলা করায় দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কি না, জানতে চাইলে এড়িয়ে যান তিনি।
গত ২১ আগস্ট দুদকের উপপরিচালক খায়রুল হুদা রমনা থানায় ওই মামলা করেন। এজাহারে বলা হয়, মাহবুবুর রহমান মোট পাঁচ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। মালিকানা অর্জনের উদ্দেশ্যে তিনি ওই সম্পত্তির রেজিস্ট্রি বায়নানামা সম্পাদন করেছেন। এ ছাড়া এক কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন।
পাউবোর ডিজিকে জিজ্ঞাসাবাদ: মুক্তিযোদ্ধা সনদের যথার্থতা অনুসন্ধানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক (ডিজি) মো. শহিদুর রহমানকে গতকাল জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক সেলিনা আকতার তাঁকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন।
দুই ব্যাংকের ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ: দুটি আলাদা অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল দুদক কার্যালয়ে দুই ব্যাংকের ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোক্তার হোসেনের বিরুদ্ধে ১৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে গতকাল ব্যাংকটির ডিজিএমসহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী।
এদিকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনার তথ্য জানতে ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।