মাহবুবর হত্যার দায় জামায়াতের সাংসদকে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা মাহবুবর রহমানকে হত্যার দায় সাতকানিয়া-লোহাগাড়ার জামায়াতের সাংসদকে নিতে হবে। যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত করতে নৃশংস হত্যাকাণ্ড ঘটাচ্ছে এ দলটি। যত দিন পর্যন্ত লোহাগাড়া-সাতকানিয়াকে জামায়াতমুক্ত করা যাবে না, তত দিন এ হত্যাকাণ্ড চলবে।
চট্টগ্রামের লোহাগাড়ায় বার আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি মাহবুবর রহমান ওরফে বাপ্পী হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন বক্তারা। লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনে আয়োজিত এ সমাবেশে কয়েক হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জামায়াত-শিবির সাঈদীর মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যে তাণ্ডব লোহাগাড়ায় সৃষ্টি করেছিল, তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড। শুধু ছাত্রলীগ সমর্থন করায় মাহবুবকে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাহবুবের হত্যাকারীদের বিচারের আওতায় আনার বিকল্প নেই।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন হিরু, বিজয় বড়ুয়া, মামুনর রশিদ, মো. জোবায়ের, সালাউদ্দিন সাকিব, মুজিবর রহমান, রিদওয়ানুল হক, মো. শাহজাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মিয়া ফারুক।