মাহবুবা ইসলামের মাথায় সুপার স্টারের মুকুট
পাহাড়ের ওপর এক সুরম্য প্রাসাদ। তার সিঁড়ি বেয়ে নামলেন পরমাসুন্দরী পাঁচ তন্বী। তাঁরা নাচলেন, গাইলেন। নিজের সৌন্দর্য আর বুদ্ধিমত্তা উপস্থাপন করলেন উৎসুক দর্শকদের সামনে। তবে শেষ হাসি হাসলেন মাহবুবা ইসলাম। বিজয়ীর মুকুট শোভিত হলো তাঁর মাথায়। হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিচারক ও লাখ লাখ দর্শক তাঁকেই বেছে নিলেন লাক্স-চ্যানেল আই সুপার স্টার হিসেবে। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানে গত বছরের লাক্স সুপার স্টার মেহ্জাবিন চৌধুরী সুপার স্টারের মুকুট পরিয়ে দিলেন মাহবুবা ইসলামের মাথায়।লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০১০-এর সেরা সুন্দরী এবার পুরস্কার হিসেবে পেয়েছেন নতুন একটি গাড়ি, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত একটি ছবিতে মূল চরিত্রে অভিনয় করার সুযোগ এবং অভিনয়ের ওপর একটি আন্তর্জাতিক বৃত্তি। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মৌসুমী হামিদ। তিনি পেয়েছেন তিন লাখ টাকা পুরস্কার। তৃতীয় হয়েছেন মেহরীন ইসলাম, তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ টাকা।অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান রাকেশ মোহন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, সুবর্ণা মুস্তাফা,্রতৌকীর আহমেদ, আফসানা মিমি ও নোবেল।অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ছিল শীর্ষস্থানের জন্য শেষ পাঁচ প্রতিযোগীর নানা বিষয়ের প্রতিযোগিতার টান টান উত্তেজনা। এর ফাঁকে ফাঁকে দর্শকেরা উপভোগ করেন বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য । শুরুতে লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার ২৫ শিল্পী নৃত্য পরিবেশন করেন। এরপর বিভিন্ন সময় সর্বশেষ টিকে থাকা পাঁচ প্রতিযোগী মঞ্চে এসে নিজেদের বিচিত্রভাবে উপস্থাপন করেন সংগীতের তালে তালে। তবে শুধু সৌন্দর্যই নয়, মেধা ও যোগ্যতাই যে সৌন্দর্যের প্রধান মাপকাঠি, তাও বুঝিয়ে দিলেন প্রতিযোগীরা বিভিন্ন সময় বিচারকদের বিচিত্র প্রশ্নের বুদ্ধিমত্তাপূর্ণ জবাব দিয়ে। এ ছাড়া তাঁদের অভিনীত নাটকের দৃশ্য দেখানো হয় মঞ্চের দুই পাশের বড় পর্দায়। ছিল বিগত বছরের শীর্ষস্থানীয় তিন প্রতিযোগীর নৃত্য পরিবেশনাও। বাপ্পা মজুমদার গেয়ে শোনান, ‘আমি তোমাকে বলে দিব’ গানটি। মাইলস, অর্থহীন ও ক্রিপটিক ফেইটের শিল্পীরা একটি নতুন গান পরিবেশন করেন। তাঁদের সঙ্গে মঞ্চে এসেছিলেন প্রতিযোগীরাও। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুনমুন। অনুষ্ঠানে সেরা ১০ সুন্দরীর মধ্য থেকে ‘পন্ডস বিউটিফুল স্কিন’, ‘ক্লোজআপ বিউটিফুল স্মাইল’ ও ‘সানসিল্ক বিউটিফুল হেয়ার’ পুরস্কারও দেওয়া হয়।তারকা খোঁজার এই প্রতিযোগিতা সম্মিলিতভাবে আয়োজন করেছিল ইউনিলিভার বাংলাদেশ, এশিয়াটিক লিমিটেড ও চ্যানেল আই।