মাহবুবের পরিবারকে কেউ মনে রাখেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিবছরই এই দিনটা (২১ আগস্ট) এলে বাড়িতে বিভিন্ন চ্যানেল ও পত্রিকার সাংবাদিকদের ভিড় জমে যায়। ২১ তারিখ চলে গেলে আমার জীবন কেমন চলে, তার আর কেউ খবর নেয় না।’কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তহাজরা ইউনিয়নের ফুলবাড়ির গ্রামের বাড়িতে বসে এভাবেই চরম আক্ষেপের সঙ্গে কথাগুলো বলছিলেন মাহবুবুর রশীদের বাবা হারুনার রশিদ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী মাহবুবুর রশীদ গ্রেনেড হামলায় নিহত হন। মাহবুবই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁকে হারিয়ে দুঃখ-কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন তাঁর পরিবার। মাহবুবের বৃদ্ধ মা হাসিনা বেগম বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দারিদ্র্যের কারণে তাঁর সঠিক চিকিত্সা করানো সম্ভব হচ্ছে না। মাহবুবের তিন ভাইয়ের মধ্যে ছোটভাই জাহাঙ্গীর রিকশাভ্যান চালিয়ে তাঁর নিজের সংসার নিয়ে খেয়ে না খেয়ে কোনো রকম বেঁচে আছেন। মাহবুবের মৃত্যুর পর তাঁর বড় ভাই শাজাহান আলীকে শেখ হাসিনা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি দিয়েছিলেন। বর্তমানে গার্মেন্টসটি বন্ধ থাকায় তিনি বেকার। অন্য ভাই মামুন অর রশীদকে (২৭) ঢাকার গুলশান এলাকার একটি আবাসিক হোটেলে চাকরি দিয়েছিলেন। হোটেলে চাকরি না থাকায় তিনিও বেকার। মাহবুবের পাঁচ বোনের মধ্যে তিন বোন বিবাহিত। ছোট দুই বোন স্থানীয় ধোকড়াকোল কলেজে পড়াশোনা করেন।বৃদ্ধ হারুনার রশীদ বলেন, ‘৭১ বছর বয়স। আমি নিজেও অচল হয়ে পড়েছি। কিছুদিন আগে ঢাকায় মাহবুব উল আলম হানিফ সাহেবের অফিসে গিয়েছিলাম। সেখানে এলাকার স্থানীয় এক নেতা আমাকে দেখে খেপে যান। এরপর আমি বাড়ি চলে আসি।’ মাহবুবের নামে এলাকায় একটি রাস্তার নামকরণের কথা থাকলেও তা আজও হয়নি বলে তিনি জানান।নিহত মাহবুবের স্ত্রী শামিমা আকতার কুষ্টিয়া জেলা শহরে ভাড়া বাড়িতে বসবাস করেন। দুই সন্তান আশিকুজ্জামান (১৬) শহরের একটি কলেজে ও রবিন (১৪) জিলা স্কুলে লেখাপড়া করছে। মাহবুবের মৃত্যুর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এককালীন দুই লাখ টাকা অনুদান এবং দুই সন্তানের লেখাপড়ার জন্য প্রতি মাসে দুই হাজার টাকা বৃত্তি প্রদান করে। বর্তমানে এসব দিয়ে ছেলেদের নিয়ে কোনো রকম চলছেন তিনি। গ্রেনেড হামলায় নিহত মাহবুবের পরিবার ও এলাকাবাসীর দাবি, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়ে তাদের ফাঁসি হয়েছে। ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা মামলার সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক।