সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দেওয়া নোটিশের জবাব দেওয়ার জন্য আজ মঙ্গলবার দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল সোমবার শুনানির জন্য ধার্য দিনে খন্দকার মাহবুবের পক্ষে আইনজীবীদের কেউ উপস্থিত না থাকায় দিন পুনর্নির্ধারণ করেন বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় খন্দকার মাহবুবের পক্ষে শুনানি করতে যাওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীনসহ ২০ জন আইনজীবীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের ফটকে বিশৃঙ্খলার অভিযোগ এনেছেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র এ কে এম নাসির উদ্দীন মাহমুদ সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জয়নুল আবেদীনের নেতৃত্বে ২০ জন আইনজীবী একযোগে ট্রাইব্যুনালে ঢুকতে চান। স্বাভাবিকভাবে শুনানির জন্য নির্ধারিত ও অনুমোদিত আইনজীবীদের বাইরে কাউকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। পরে এজলাসে শুনানি করবেন এমন আইনজীবীদের তালিকা চাওয়া হলে তাঁরা ২১ জনের তালিকা দেন। কিন্তু বিধানমতে ও একটি সাধারণ শুনানির জন্য এত আইনজীবীর প্রয়োজন নেই। এ জন্য নিরাপত্তার স্বার্থে যাচাই-বাছাই করে ছয়জনকে ভেতরে ঢোকার অনুমোদন দেওয়া হয়। কিন্তু তাজুল ইসলামসহ তিনজন আইনজীবী ভেতরে যান এবং বাকিরা স্লোগান দিতে দিতে ফিরে যান।
রেজিস্ট্রার বলেন, ওই সময় একটি পুলিশ ভ্যান ট্রাইব্যুনাল চত্বর থেকে বের হতে গেলে ফটকে অবস্থানরত আইনজীবীরা বাধা দেন। এমনকি তাঁরা ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারপতি মো. মজিবর রহমান মিয়ার গাড়িও ভেতরে ঢুকতে দেননি। বাধ্য হয়ে ওই বিচারপতি গাড়ি ঘুরিয়ে অন্য পথ দিয়ে ট্রাইব্যুনালে ঢোকেন।
অবশ্য বিকেলে খন্দকার মাহবুবের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, রেজিস্ট্রারের কার্যালয়ের ভেতরে ঢুকতে অনুমতি না দেওয়ায় জ্যেষ্ঠ আইনজীবীরা শুনানিতে উপস্থিত হতে পারেননি। নিজে শুনানি না করার যুক্তি হিসেবে তিনি বলেন, খন্দকার মাহবুব চান, তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবীরা শুনানি করুক।
পরে ট্রাইব্যুনাল শুনানির দিন পুনর্নির্ধারণ করে বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের ট্রাইব্যুনালে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। তবে শৃঙ্খলা ও এজলাসের ধারণক্ষমতা সাপেক্ষে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে কমসংখ্যক সহযোগী আইনজীবী থাকলে ভালো হয়।
৬ অক্টোবর ট্রাইব্যুনাল-১ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন। ১ অক্টোবর তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে।