মাহমুদ আব্বাসের ঢাকা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের সফর শেষে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল ঢাকা ত্যাগ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফোকাস বাংলা
তিন দিনের সফর শেষে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল ঢাকা ত্যাগ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফোকাস বাংলা

তিন দিনের সরকারি সফর শেষে গতকাল শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বেলা পৌনে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার আগে মাহমুদ আব্বাসকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ ফ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর আগে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে গত বুধবার ঢাকায় আসেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি পর্যায়ের বৈঠকে ফিলিস্তিনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাহমুদ আব্বাস। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকও করেন।
সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গতকাল মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সফরের সময় বাংলাদেশ ও ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত আলোচনায় আন্তসরকার যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।