মাহমুদ আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদ আব্বাস ও শেখ হাসিনা। প্রথম আলো ফাইল ছবি।
মাহমুদ আব্বাস ও শেখ হাসিনা। প্রথম আলো ফাইল ছবি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অসুস্থ ফিলিস্তিনের প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অসুস্থ মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তাঁর আরোগ্য কামনা করেন।

গত বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকা এসেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি পর্যায়ের বৈঠকে ফিলিস্তিনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাহমুদ আব্বাস। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকও করেন।
সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সফরের সময় বাংলাদেশ ও ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত আলোচনায় আন্তসরকার যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।