মাহমুদ আলীর সঙ্গে আজ রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন মারসুদি
মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ওপর সেনাবাহিনীর বর্বরোচিত হামলা উদ্বিগ্ন করেছে ইন্দোনেশিয়াকে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির কাছে বিষয়টি নিয়ে উদ্বেগ জানানোর পর এবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আজ মঙ্গলবার উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শনে যাবেন। এর আগে সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই দিনের সফরে রেতনো মারসুদি গতকাল সোমবার রাতে ঢাকায় আসেন।
ঢাকা ও ইয়াংগুনের কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সমস্যা সমাধানের ব্যাপারে বেশ সক্রিয় হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। মিয়ানমারে গিয়ে সেখানকার স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন রেতনো মারসুদি। সু চির সঙ্গে আলোচনার আগে একই বিষয় নিয়ে তিনি কথা বলেন রাখাইন রাজ্যের সমস্যা সমাধানের জন্য গঠিত অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেটের চেয়ারম্যান কফি আনানের সঙ্গে।
রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়ে আসছে। এ ব্যাপারে যেসব দেশের সঙ্গে বাংলাদেশের কথাবার্তা হচ্ছে তার মধ্যে ইন্দোনেশিয়াও আছে। আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মিয়ানমারের ওপর প্রভাব আছে বলে ধারণা করা হয়।