মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী, নজরুল পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শপথ নেওয়া এ এইচ মাহমুদ আলীকে পররাষ্ট্রমন্ত্রী এবং কর্নেল (অব.) নজরুল ইসলামকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে আজ বুধবার এ তথ্য জানান।
এ ছাড়াও গত ১২ জানুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় পানিসম্পদ উপমন্ত্রীর দায়িত্ব নেওয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়েছে।
এর আগে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে দুপুর ১২টার দিকে শপথ নেন দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত এ এইচ মাহমুদ আলী এবং নরসিংদী সদর থেকে নির্বাচিত সাংসদ কর্নেল (অব.) নজরুল ইসলাম।
বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
গত ১২ জানুয়ারি বর্তমান সরকারে শপথ নেন ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। প্রায় দেড় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারিত হলো।
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর ১২ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়।