মাহমুদা-আহাদ-হামিদা স্মৃতি পরিষদের যাত্রা শুরু
শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি জগতের তিন স্মরণীয় ব্যক্তি—কবি ও সমাজকর্মী মাহমুদা খাতুন সিদ্দিকা, সংগীতজ্ঞ আবদুল আহাদ ও শিক্ষাবিদ হামিদা খানম। এ তিনজনের স্মৃতিকে জাগরূক রাখতে গঠিত হয়েছে মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদ। আজ শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পরিষদ যাত্রা শুরু করেছে।
এ উপলক্ষে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাবিদ, কবি, গবেষকসহ সমাজের গুণীজনেরা মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানমের স্মৃতিচারণ করেন। সংগীতজ্ঞ আবদুল আহাদ ও শিক্ষাবিদ হামিদা খানম ভাই বোন। কবি ও সমাজকর্মী মাহমুদা খাতুন সিদ্দিকা তাঁদের খালা।
পরিষদের পক্ষ থেকে মাহমুদা খাতুন সিদ্দিকার নির্বাচিত কবিতা সংকলন বের করা হয়েছে। এ সংকলনের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, যে যে কাজই করুক না কেনো, সংস্কৃতির দিক থেকে দায়িত্ব থাকে সে কাজগুলো যেন হারিয়ে না যায় সে উদ্যোগ নেওয়া। পরিষদের পক্ষ থেকে সে কাজটিই করা হচ্ছে।
অনুষ্ঠানে কলকাতার শিক্ষাবিদ অধ্যাপক উত্তরা চক্রবর্তী শিক্ষাবিদ হামিদা খানম স্মারক বক্তৃতা দেন। উত্তরা চক্রবর্তী হামিদা খানমের ‘ঝরা বকুলের গন্ধ’ শীর্ষক আত্মজীবনী, চল্লিশের দশকের বেথুন কলেজের মুসলিম কৃতী এই শিক্ষার্থীর জীবনের বিভিন্ন দিক বর্ণনা করেন।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা খানমের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন সমাজকর্মী লতিফা আকন্দ।
সুরকার, প্রশিক্ষক, সংগীত পরিচালক, গায়ক আবদুল আহাদের জীবদ্দশায় কোনো গানের সংকলন বা সিডি প্রকাশিত হয়নি। বাংলাদেশ বেতারের আর্কাইভ থেকে তাঁর গাওয়া ১০টি রবীন্দ্রসংগীত খুঁজে পাওয়া গেছে। তাই দিয়েই পরিষদ সিডি বের করেছে। এ সিডির মোড়ক উন্মোচন করেন আবদুল আহাদের ছাত্রী শিল্পী ফেরদৌসী রহমান। এই ব্যক্তিদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সরকার কেনো কোনো উদ্যোগ নেবে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি এবং পরিষদের সভাপতি করুণাময় গোস্বামী জানান, এ তিনজনকে নিয়ে আলাদা আলাদা ভাবে তিনটি বই প্রকাশ ছাড়াও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক নিশাত জাহান বলেন, আজ থেকে ৮০ বছর আগে মাহমুদা খাতুন সিদ্দিকার প্রথম বই প্রকাশিত হয়। বইয়ের মূল্য ছিল মাত্র এক টাকা। আবদুল আহাদ বা হামিদা খানমের অনেক কাজের কথা অনেকেই জানে না। সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের কথা বললেও তা সংরক্ষণের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হয় না। পরিষদের পক্ষ থেকে সে ধরনের উদ্যোগই নেওয়া হবে।
আবদুল আহাদের সুর করা ‘আমারও দেশেরও মাটিরও গন্ধে...’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।