মাহমুদা খানমের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে চট্টগ্রামে আজ সোমবার বিভিন্ন সংগঠন মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশ থেকে সারা দেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
মাহমুদা খানম হত্যার প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা আজ সোমবার বিকেলে নগরের চেরাগি পাহাড় মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, যেখানে একজন পুলিশ কর্মকর্তার পরিবার নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ আজ দিশাহীন। একের পর এক ব্লগার, মুক্তমনা মানুষ এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর লোকজনকে একই কায়দায় হত্যা করা হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর হাতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের নির্বিকার থাকা এবং কোনো হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। এ সময় বক্তারা একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রিপন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় সমাবেশে সহসভাপতি সুব্রত ধর, সাবেক যুব নেতা হাবিব বিপ্লব, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল হোসেন, শিমুল বৈষ্ণব প্রমুখ বক্তব্য দেন।
একই দাবিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আবদুল হালিমের সঞ্চালনায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সংগঠক সাইফুল উদ্দিন, সোহেল মৃধা, আমিনুল হক, ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ছাড়া চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজ ছাত্রলীগ নগরের প্রেস ক্লাবের সামনে এবং প্রতিবাদী নাগরিক সমাজ নামে একটি সংগঠন কর্নেলহাট কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একই দাবিতে পৃথক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।