মাহমুদা হত্যা মামলায় ভোলার জামিন নামঞ্জুর

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় গ্রেপ্তার এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
গত বছরের ২৭ জুন নগরের বাকলিয়া এলাকা থেকে ভোলাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তিনি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন। হত্যা মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে পুলিশ আরেকটি অস্ত্র মামলাও করে। বর্তমানে এই মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। মাহমুদা হত্যা মামলার তদন্ত করছে নগর গোয়েন্দা পুলিশ।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মাহমুদা খানমকে। এই মামলার আসামি ওয়াসিম ২৫ জুন পুলিশের কাছে স্বীকার করেন, হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি ঘটনার আগের রাতে ভোলার কাছ থেকে সংগ্রহ করেন মুছা।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ভোলার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গত বছরের ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে পুলিশ জানায়, বাহিনী থেকে পদত্যাগ করেছেন তিনি। অবশ্য পরে বাবুল আক্তার বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেন তিনি। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।’