সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী মো. কামরুজ্জামান। তিনি নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার। মাহমুদা হত্যা মামলারও বাদী তিনি। বর্তমানে হত্যা মামলাটির তদন্ত চলছে।
বাদী আদালতে বলেন, এহতেশামুল হক ভোলা মাহমুদা খানম হত্যাকাণ্ডের পর মনির হোসেনের কাছে অস্ত্রগুলো রাখতে দিয়েছিলেন।
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মাহমুদা খানমকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। ঘটনার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ ২৭ জুন নগরের বাকলিয়া রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তিতে আরেক আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান বাদী হয়ে এহতেশামুল হক ও মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৮ জুলাই অস্ত্র মামলায় দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বাকলিয়া থানার পুলিশ। কিন্তু অস্ত্রগুলো ভোলা ও মনিরকে কে বা কারা দিয়েছিল, তার রহস্য উদ্ঘাটন করা যায়নি তদন্তে। ২২ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু করেন আদালত।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় বাদীর আংশিক সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি বাকি সাক্ষ্য নেওয়া হবে। বাদী আদালতকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করা হয়। ভোলার স্বীকারোক্তিতে মনির হোসেনকে রাজাখালী থেকে গ্রেপ্তার করে। মাহমুদা হত্যাকাণ্ডের পর ভোলা মনিরকে অস্ত্রগুলো রাখতে দিয়েছিলেন।