মাহমুদা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার মামলার বাদীকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলার বাদীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে মামলার বাদী চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামানকে এই এ জেরা করা হয়। কামরুজ্জামান মাহমুদা হত্যা মামলারও তদন্ত কর্মকর্তা।

এদিকে অস্ত্র মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

মাহমুদা হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ গত বছরের ২৭ জুন নগরের বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মনির হোসেন নামের আরেক ব্যক্তির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এহতেশামুল হক ও মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেন মো. কামরুজ্জামান। তদন্ত শেষে গত ২৮ জুলাই অস্ত্র মামলায় দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২২ নভেম্বর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু করেন। গত ১৮ জানুয়ারি বাদীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

সে সময় বাদী আদালতকে বলেন, গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মাহমুদা খানমকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। ঘটনার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ ২৭ জুন নগরের বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মনির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী আজ দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলার বাদীকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। জেরার সময় আসামি মনিরের আইনজীবী এনামুল হক বলেন, মনির ভোলার কর্মচারী। মাহমুদা হত্যাকাণ্ডের পর ভোলাই মনিরকে একটি ব্যাগ রাখতে দেন। তিনি জানতেন না ব্যাগের ভেতর অস্ত্র ছিল। অস্ত্রগুলো ভোলার। অপরদিকে ভোলার আইনজীবী শামসুদ্দিন আবুল কালাম বলেন, পুলিশ ভোলার কাছ থেকে অস্ত্র উদ্ধার করেনি। মনিরের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে।

সরকারি কৌঁসুলি আরও বলেন, জেরা শেষ হওয়ার পর আদালত আগামী ২ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। আসামি ভোলার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে দেন। আসামি মনির উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।