মাহমুদাকে গুলি করা ওয়াসিমসহ দুজন কারাগারে

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি মোতালেব মিয়া ওয়াসিম ও মো. আনোয়ার। রাতে তাদের দুজনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আজ রোববার বিকেল ৪টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদের খাস কামরায় পৃথকভাবে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোতালেব মিয়া ওয়াসিম ও মো. আনোয়ার।
হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শনিবার রাতে ওয়াসিম ও মো. আনোয়ার নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান রাতে প্রথম আলোকে বলেন, মাহমুদা হত্যার দায় স্বীকার করে গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা হত্যায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। জড়িত বাকিদেরও নাম বলেছে। তবে তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।
এর আগে বেলা তিনটায় নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত ব্রিফিংয়ে নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকারী মোটরসাইকেল আরোহী তিনজনের একজন ওয়াসিম। সে-ই মাহমুদাকে গুলি করেছিল। আজ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওয়াসিম এ তথ্য দিয়েছে।
পুলিশ কমিশনার বলেন, আনোয়ার ঘটনাস্থলের পাশেই ছিল। তাঁদের দুজনের বাড়ি রাঙ্গুনিয়ায়।
ইকবাল বাহার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুনিরা সংঘবদ্ধ চক্রের সদস্য। কার নির্দেশে, কেন তারা এ খুন করেছে, তা তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আজ দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনেক তথ্য দিয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। অপরাধীরা পেশাদার। খুনে সাত থেকে আটজন অংশ নিয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।
২০ দিন আগে ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।