
নিহত মাহমুদা খানমের বাবা মোশাররফ হোসেনের সঙ্গে মামলার বিষয়ে কথা বলবেন তদন্ত কর্মকর্তা। এ সপ্তাহের শেষের দিকে তাঁকে চট্টগ্রামে ডাকা হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার এ মামলার বাদী মাহমুদার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ঢাকা থেকে চট্টগ্রামে ডেকে নিয়ে তিন ঘণ্টা ‘জিজ্ঞাসাবাদ’ করেন তদন্ত কর্মকর্তা।
মাহমুদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান গতকাল শুক্রবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাহমুদার বাবা মোশাররফ হোসেনকে চলতি সপ্তাহের শেষের দিকে ডাকা হতে পারে। তাঁর সঙ্গে মামলার বিষয়ে কথা বলা হবে। তদন্তে সহায়ক হবে এমন কোনো তথ্য তাঁর কাছ থেকে পাওয়া যেতে পারে।
কামরুজ্জামান বলেন, তদন্ত অনেকটা শেষের দিকে। তাহলে কবে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাস দু-এক লাগতে পারে। আবার বেশি সময়ও লাগতে পারে।’ কার নির্দেশে, কী কারণে এই হত্যাকাণ্ড, ছয় মাসের তদন্তে তা জানা গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষ না হওয়ার আগে এ সম্পর্কে কিছুই বলা যাবে না।
মোশাররফ হোসেনও সাবেক পুলিশ কর্মকর্তা। তিনি বাহিনী থেকে পরিদর্শক হিসেবে অবসরে যান। ঢাকার বনশ্রী এলাকায় এখন পরিবার নিয়ে থাকেন। মাহমুদা হত্যাকাণ্ডের পর থেকে বাবুল আক্তার সেখানেই থাকছেন। তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেনের সঙ্গে মামলার বিষয় নিয়ে কথা বলেছেন কি না, তা জানতে গতকাল রাতে মুঠোফোনে তাঁর সঙ্গে তিন দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার গত ২৭ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে উল্লেখ করা হয়, কামরুল শিকদার ওরফে মুছার নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মুছা ‘নিখোঁজ’ রয়েছেন।
এর আগে ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে পুলিশ জানায়, বাহিনী থেকে পদত্যাগ করেছেন তিনি। অবশ্য পরে বাবুল আক্তার বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেন তিনি। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।’
গত বৃহস্পতিবার বাবুল আক্তারকে চট্টগ্রামে ডেকে নিয়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় তদন্ত কর্মকর্তার বেশির ভাগ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি। কখনো বলেছেন জানেন না, আবার কখনো অঝোরে কেঁদেছেন।