মাহমুদুর রহমান, এ্যানি, মিলন ও আযাদের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির মামলায় সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন ও অপর চার মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলায় বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ জামিন পেয়েছেন।গতকাল সোমবার হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ ও নিম্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত এই জামিন মঞ্জুর করা হয়। মিলন বর্তমানে কারাগারে আছেন। একই বেঞ্চ পৃথক চারটি মামলায় মাহমুদুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের আরেকটি বেঞ্চ পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা তিনটি মামলায় জামায়াতের ঢাকা মহানগর সেক্রেটারি জেনারেল ও সাংসদ হামিদুর রহমান আযাদের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেন। এদিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা পাঁচটি মামলার মধ্যে একটিতে বিএনপির নেতা শহীদউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম। বাকি চারটি মামলায় তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।হিযবুত নেতা কারাগারে: নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ গোলাম মাওলাকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। গোলাম মাওলার আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করলে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার তা নামঞ্জুর করেন।