মাহমুদুর রহমান অনশন ভেঙেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা মাহমুদা বেগমের হাতে পানি পান করে সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদুর রহমান অনশন ভাঙলেন। পারিবারিক সূত্র জানায়, ছেলের অনশন ভাঙাতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ সাংবাদিক ও পেশাজীবীদের পক্ষ থেকে অনুরোধ নিয়ে যান মাহমুদা বেগম। এরপর তিনি অনশন ভাঙেন। পরে মাহমুদুর রহমানের মা হাসপাতালের নিচে সাংবাদিকদের বলেন, ‘মাহমুদুর রহমান বলেছেন, ইসলামে আমরণ অনশন বৈধ নয়। কিন্তু বন্দী অবস্থায় প্রতিবাদ জানানোর জন্য না খেয়ে থাকা ছাড়া আর কোনো শক্তি ছিল না।’এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমীন, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। মায়ের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, আমার দেশ-এর ছাপাখানার তালা খুলে দেওয়া ও ছাপাখানার ১৬ কর্মচারীর মুক্তির দাবিতে ১৫ এপ্রিল থেকে মাহমুদুর রহমান অনশন করেন।এদিকে বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে মাহমুদুর রহমানকে অনশন ভাঙার অনুরোধ জানান আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, ইসলামে অনশনের বিধান নেই। এটি আত্মহত্যার শামিল।এর আগে মাহমুদুর রহমানের উদ্দেশে লেখা একটি চিঠিতেও অনশন ভাঙার অনুরোধ করেন আহমদ শফী। গতকাল সাংবাদিক সমাবেশে চিঠিটি পড়ে শোনান আমার দেশ-এর নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। চিঠিতে অনশনের তিন দফা দাবিকে অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সংগত উল্লেখ করে আহমদ শফী বলেন, ‘অনশনের কারণে আপনার জীবন বিপন্ন হওয়ার পথে। এতে আমরা খুবই উদ্বিগ্ন।’বৃহস্পতিবার গণ-অনশন: সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশ থেকে আমার দেশ-এর ছাপাখানার তালা খুলে দেওয়া ও মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার গণ-অনশনের কর্মসূচি দেওয়া হয়। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে। এ ছাড়া আজ ও আগামীকাল বুধবার একই জায়গায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী এ কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে পল্টন মোড় থেকে প্রেসক্লাবের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, ‘যাঁরা মাহমুদুর রহমানের মুক্তির বিরোধী এবং আমার দেশ-এর প্রকাশ বন্ধের ষড়যন্ত্র করছেন, তাঁদের জন্য আমাদের করুণা হয়।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, সবার স্বার্থে স্বাধীন ও মুক্ত গণমাধ্যম দরকার। অন্যথায় অন্যদেরও এর ফল ভোগ করতে হবে।ডিইউজের সভাপতি আবদুস শহীদ বলেন, মাহমুদুর রহমানের কিছু হলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী দায়িত্ব এড়াতে পারবেন না।ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক মুহম্মদ বাকের হোসাইনের পরিচালনায় মহাসমাবেশে বক্তৃতা করেন বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরদার এম আনিছুর রহমান প্রমুখ। বিএনপির নেতাদের মধ্যে বক্তৃতা করেন সেলিমা রহমান, ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, হেফাজতের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাশেমী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী প্রমুখ।