মাহমুদুর রহমান আবার পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান

প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এই রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল প্রথম দফার পাঁচ দিনের রিমান্ড শেষে মাহমুদুর রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুর রহমানকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। মাহমুদুর রহমানের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
আমার দেশ পত্রিকার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহমুদুর রহমানের আইনজীবীরা বলেছেন, তিনি গুরুতর অসুস্থ। রিমান্ড চলাকালে রাজারবাগ পুলিশ হাসপাতালের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে হৃদ্রোগ বিশেষজ্ঞের কাছে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পুলিশ তা উপেক্ষা করেছে।
যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। গত ১৬ এপ্রিল ডিবি নিউ ইস্কাটন গার্ডেনের বাসা থেকে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানা-পুলিশ। দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে আদালত তাঁকে কারাগারে পাঠান। ১৮ এপ্রিল মাহমুদুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়। ২৫ এপ্রিল তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।