মাহমুদুর রহমান আবার রিমান্ডে

আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে রমনা থানায় করা এক মামলায় তাঁকে আজ শনিবার রিমান্ডে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) আশফাক রাজীব হাসান বলেন, গত ২২ ফেব্রুয়ারি হেফাজত ইসলামের কর্মীরা শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা করে। এ ঘটনায় রমনা থানার এসআই বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ওই মামলায় মাহমুদুর ২৮ নম্বর আসামি।
মাহমুদুর রহমানকে আসামি করার কারণ সম্পর্কে তদন্ত কর্মকর্তা আশফাক বলেন, তিনি উসকানিমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করেছেন। আর ওই সব সংবাদে উদ্দীপ্ত হয়ে হেফাজতের কর্মীরা গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা করেছিলেন।
এসআই আশফাক বলেন, অনেক আগেই আদালত ওই মামলায় মাহমুদুরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। সম্প্রতি আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে কাশিমপুর কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় নেওয়া হয়েছে।