‘পত্রিকার সম্পাদক, মন্ত্রী-সাংসদ-সরকারি কর্মকর্তা—কেউ-ই আইনের ঊর্ধ্বে নন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান পবিত্র মক্কা শরিফ নিয়ে যে মিথ্যাচার করলেন, সে জন্য তাঁর বিচার হওয়া দরকার। এ জন্য তিনি কখনো দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি। বরং তিনি বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিয়ে এবং হেফাজতে ইসলামের সাথে ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন। এর দায়ভার তাঁকেই বহন করতে হবে।’ গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে যাঁরা বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যাচার করছেন, তাঁদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। হেফাজতে ইসলামের এ আন্দোলনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, যার অংশবিশেষ পেয়েছেন মাহমুদুর রহমান। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট যেসব অভিযোগ রয়েছে, তার তদন্ত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক।