মাহমুদুর রহমান পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।
এ মামলায় ১৮ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী কমিশনার হাসান আরাফাত। ওই দিন আদালত মাহমুদুর রহমানের উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানির জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।
এ মামলায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বর্তমানে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।
আদালত সূত্র বলেছে, রিমান্ড আবেদনে বলা হয়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের বিষয়ে মাহমুদুর রহমানের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তকালে সাক্ষ্য-প্রমাণ ও তথ্য সংগ্রহকালে বেশ কিছু নথি পর্যালোচনায় দেখা যায়, রিজভী আহমেদ সিজার যুক্তরাষ্ট্রের আদালতে তাঁর বিচার চলাকালে জানান, এক সাংবাদিক ও এক রাজনৈতিক মিত্র ও একজন প্রাইভেট গোয়েন্দা সজীব ওয়াজেদ সম্প‌র্কে অর্থের বিনিময়ে তথ্য দেন। তাতে রাজনৈতিক ব্যক্তি হিসেবে মাহমুদুর রহমানের নাম প্রকাশ পেয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তি, অর্থ জোগানদাতা, হুকুমদাতা ও সহযোগীদের শনাক্ত করতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মাহমুদুর রহমানের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল করে তাঁর জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত ওই আবেদন নাকচ করে মাহমুদুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পল্টন থানায় এ মামলা করেন।