মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মাহমুদুর রহমান মান্নার জনপ্রিয়তায় ভীত হয়ে বর্তমান ‘অবৈধ ও বেআইনি’ সরকার ষড়যন্ত্র করে তাঁকে দেশদ্রোহের অভিযোগে কারারুদ্ধ করে রেখেছে।
গতকাল রোববার রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ স ম রব এসব কথা বলেন। ঢাকা মহানগর নাগরিক ঐক্য এ সমাবেশের আয়োজন করে। গত বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে মান্নাকে বনানীর এক বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। এর ২১ ঘণ্টা পর তাঁকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহের প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশ।
সমাবেশে আ স ম রব বলেন, বর্তমান সরকার জনগণের নয়, আওয়ামী লীগের সরকার। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে সরকার দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধের ওপর সবচেয়ে বেশি অত্যাচার চালাচ্ছে। আওয়ামী লীগ ছাড়ার কারণে ব্যক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে মারাত্মক অসুস্থ মান্নাকে বিনা বিচারে আটকে রেখেছে।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, মান্না কোনো ষড়যন্ত্র করেননি। তিনি সরকারের অবৈধ কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন। তাঁর কাজে ভীত হয়ে সরকার তাঁর বিরুদ্ধে টেলিফোন ষড়যন্ত্র করেছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একদিকে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার আসামি সুস্থ অবস্থায় জামাই আদরে হাসপাতালে অবস্থান করছেন, ভোটাধিকার ছাড়াই নির্বাচন হচ্ছে, জনগণের ন্যূনতম মৌলিক অধিকার ছাড়াই চলছে গণতন্ত্র, দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, অন্যদিকে অসুস্থ অবস্থায় মান্নাকে বিনা বিচারে এত দিন আটকে রাখা হয়েছে।
নাগরিক ঐক্যের ঢাকা মহানগরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে এ সময় সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, খায়রুল আলম, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন।