মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীতে মানববন্ধন হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তৃণমূল নাগরিক আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেন। তাঁরা বলেন, মান্না মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন, নাগরিকদের কথা বলতেন, গুম হওয়া পরিবারের পাশে থেকে কথা বলতেন। তাই তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার।
বক্তারা বলেন, নয় মাস সাত দিন আগে মাহমুদুর রহমান মান্নাকে আটক করা হয়। আজ পর্যন্ত মামলার তদন্ত হয়নি। তিনি অসুস্থ। কারাগারে ঠিকভাবে চিকিৎসা হচ্ছে না। ডিভিশন না দেওয়ায় মেঝেতে রাত কাটাতে হচ্ছে। তাঁরা মান্নাকে আইনের সুযোগ গ্রহণের বাধা দূর করার দাবি জানান।
সংগঠনের আহ্বায়ক মফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মো. মঞ্জুর হোসেন, বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
গত ২৩ ফেব্রুয়ারি রাতে মান্নাকে বনানীর এক বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। এর ২১ ঘণ্টা পর তাঁকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহের প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশ।