মাহমুদুর রহমান মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গতকাল বৃহস্পতিবার গাজীপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি কারাফটক দিয়ে বের হন। গতকাল ভোর থেকেই মাহমুদুর রহমানের আত্মীয়স্বজন, আমার দেশ পত্রিকার সাংবাদিক, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের লক্ষ্মীপুরায় গাজীপুর কারাগারের আশপাশে জড়ো হন। মুক্তিলাভের পর কারাফটক থেকে ফের তাঁকে গ্রেপ্তার করা হতে পারে এমন গুঞ্জন ছিল তাঁদের মধ্যে। মুক্তি দিতে দেরি হওয়ায় ঘটনাস্থলে মানববন্ধন করা হয়। গত বছরের ২ জুন মাহমুদুর রহমানকে আমার দেশ-এর কার্যালয় থেকে গভীর রাতে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়। ওই পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ করা হলেও আদালতের নির্দেশে এর প্রকাশনা শুরু হয়। পরে আদালত অবমাননার একটি মামলায় মাহমুদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের দণ্ড দেন আদালত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মোট ৪৯টি মামলা হয়। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।মুক্তি পেয়ে গতকাল মাহমুদুর রহমান আমার দেশ-এর কার্যালয়ে যান। সেখানে তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় মাহমুদুর রহমান বলেন, এখন সংবাদপত্র ছাড়া তাঁর আর কিছু নেই। তিনি বলেন, ‘আমাকে রিমান্ডে নিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, কারাগারে মাটিতে শুইয়ে রাখা হয়েছে, নিজ হাতে আমাকে অন্যের বাথরুম পরিষ্কার করে সেই বাথরুম ব্যবহার করতে হয়েছে।’