মাহমুদুর রহমান রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা মাহমুদুর রহমানকে গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত প্রথম আলোকে বলেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য পাওয়ায় এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। ২৫ এপ্রিল শুনানির ধার্য তারিখে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল দুপুরে কাশিমপুর কারাগার থেকে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়।
জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। ১৬ এপ্রিল ডিবি নিউ ইস্কাটন গার্ডেনের বাসা থেকে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানা-পুলিশ। দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে আদালত তাঁকে কারাগারে পাঠান। শফিক রেহমানের তথ্যের ভিত্তিতে মাহমুদুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।