মাহমুদুর রহমান রিমান্ডে, প্রতিবাদে বিক্ষোভ
দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল বুধবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পত্রিকায় উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে রমনা থানায় করা মামলায় ঢাকার মহানগর হাকিম হারুন অর রশিদ এ আদেশ দেন। পুলিশ ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। মাহমুদুর রহমান তাঁর পক্ষে নিজেই শুনানি করেন। এ সময় তিনি বলেন, এ মামলায় তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। তিনি অভিযোগ করেন, ইতিপূর্বে তাঁকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আদালত চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন; কিন্তু তা মানা হয়নি। তিনি অভিযোগ করেন, রিমান্ড পুলিশের বাণিজ্য এবং সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে। আদালতও এর দায় এড়াতে পারেন না। মাহমুদুর রহমান বলেন, গত ডিসেম্বর থেকে তিনি তাঁর পত্রিকা কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। এই অবস্থায় উসকানি দেওয়া অসম্ভব। এ পর্যায়ে বিচারক বলেন, ‘আপনি রিমান্ড বাতিল কিংবা জামিন বিষয়ে কোনো কথা থাকলে বলুন।’ মাহমুদুর রহমান আবার কিছু বলতে চাইলে আইনজীবীরা তাতে বাধা দেন। এতে রাষ্ট্রপক্ষ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। গত ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের স্কাইপ কথোপকথন প্রকাশ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে ১৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। ওই দিন রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পত্রিকাটির ছাপাখানায় তল্লাশির পর তালা লাগিয়ে দেয় পুলিশ। এ সময় পত্রিকা মুদ্রণে ব্যবহূত যন্ত্রপাতিরও জব্দ তালিকা তৈরি করা হয়।সাংবাদিকদের বিক্ষোভ: মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ সাংবাদিকেরা। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমার দেশ ইউনিটের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে সাংবাদিকরা অবিলম্বে মাহমুদুর রহমানের অবৈধ রিমান্ড বাতিল, তাঁর মুক্তি ও আমার দেশসহ বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানান।সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, আমার দেশ-এর বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কবি হাসান হাফিজ প্রমুখ। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমার দেশ ইউনিটের প্রধান বাছির জামাল সভাপতিত্ব করেন।