মাহমুদুর রহমানকে ঈদের আগেই মুক্তি দেওয়ার দাবি
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আসন্ন ঈদের আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা।
মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। বিএফইউজে ও ডিইউজে এই কর্মসূচির আয়োজন করে।
সভাপতির বক্তব্যে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী সরকারের উদ্দেশে বলেন, ‘ঈদের আগে মাহমুদুর রহমানকে মুক্তি দিন, আমার দেশ পত্রিকা, দিগন্ত ও ইসলামি টেলিভিশন খুলে দিন। না হলে ঈদের পর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি আবদুস শহীদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক আবদুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী, জাহেদ চৌধুরী প্রমুখ।
এদিকে জাতীয় প্রেসক্লাবে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনায় সভা থেকেও তাঁর মুক্তি দাবি করা হয়। এতে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।