মাহমুদুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ
রাজধানীর শাহবাগ থানায় করা বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। তাঁকে আগামী পাঁচ দিনের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।
১৪ ফেব্রুয়ারি একটি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই দিনই তাঁকে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিম্ন আদালতে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। গতকাল শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তদন্ত কর্মকর্তাকে পাঁচ দিনের মধ্যে কারাফটকে তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন আদালত।
শুনানিতে মাহমুদুর রহমানের আইনজীবীরা বলেন, মাহমুদুর রহমানকে ২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেপ্তার করা হয়। এই মামলাটি করা হয় ২০১৩ সালের জানুয়ারিতে। এজাহারে তাঁর নাম নেই, তাঁর বিরুদ্ধে অভিযোগও নেই। শুধু রাজনৈতিকভাবে হয়রানি ও কারাগারে আটক রাখতে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ বলে, মামলার ঘটনায় মাহমুদুর রহমান জড়িত বলে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।