পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় সদ্য বন্ধ হয়ে যাওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করেছে তেজগাঁও থানার পুলিশ।কারা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম জেলগেটে মাহমুদুর রহমানকে প্রায় আধা ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।এর আগে বুধবার আদালত মাহমুদুর রহমানকে রিমান্ডে না নিয়ে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। এদিকে আমার দেশ পত্রিকা চালু এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকায় মিছিল ও সমাবেশ হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।গতকাল সকালে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি বের হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকার প্রতি ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন নতুন নতুন বেকার সৃষ্টি করছে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও সাধারণ মানুষের বাক্স্বাধীনতার কথা বলে ক্ষমতায় এসে টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র বন্ধ করে দিচ্ছে। কিন্তু এভাবে পত্রিকা বন্ধ করে জনতার কণ্ঠ রোধ করা যাবে না। বক্তারা আমার দেশ-এর পাশে দাঁড়ানোর জন্য সম্পাদক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিকসহ সর্বস্তরের পেশাজীবী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসেন, কাদের খান চৌধুরী, কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য দেন। এদিকে আমার দেশ পত্রিকা পুনরায় প্রকাশ ও ভারপ্রাপ্ত সম্পাদকের মুক্তির দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জাতীয় মুক্তি কাউন্সিল, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিবৃতি দিয়েছে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এক বিবৃতিতে বলেন, সরকার আমার দেশ বন্ধ করে প্রায় পাঁচ শ পরিবারের সদস্যকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।